জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পরিমাপে কারচুপি ও অবৈধ মজুত প্রতিরোধে জয়পুরহাটের পেট্রোল পাম্পগুলোতে মঙ্গলবার বিকেলে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই।
মঙ্গলবার বিকেলে শহরের সড়ক ভবন এলাকার উত্তরা ফিলিং স্টেশন এবং গুলশান মোড় এলাকার জয়পুর ফিলিং স্টেশনে এ তদারকি অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম এবং বিএসটিআইয়ের পরিদর্শক প্রকৌশলী মো. আসাদুজ্জামান। অভিযানকালে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহের পরিমাপ পরীক্ষা করা হয়। পরিমাপে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর উল আলম জানান, জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগে কোনো অসাধু চক্র যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা পরিমাপে কম দিতে না পারে, সেজন্য সরকারের নির্দেশনায় এ তদারকি চালানো হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসআই/আরএন