পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী বান্দরবান পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বান্দরবান জেলা শহরের পৌরসভার আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্ত ৯টি গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার এবং টেকসই অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের সময়ও জনসাধারণের দুর্ভোগ কমে আসে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস এম মনজুরুল হক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।
এসডি/আরএন