পর্যায়ক্রমে এলাকার সকল ক্ষতিগ্রস্ত ও ভাঙা সড়ক পুনর্নির্মাণ ও সংস্কার করা হবে বলে আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিগত ১৭ বছরে এই এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি। পতিত সরকার এ এলাকার সকল সড়ক ভাঙা অবস্থায় রেখে গেছে। সেগুলোর সবকটিই পর্যায়ক্রমে পুনর্নির্মাণ করা হবে।”
সফরকালে তিনি ভান্ডারিয়া পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে—জাকির পেশকারের অফিস থেকে বেলায়েত হাওলাদারের বাড়ি পর্যন্ত এবং পেশকার মসজিদ থেকে মো. ইউনুসের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, একই ওয়ার্ডের বড় কানুয়া আলীর দোকান সংলগ্ন বিসিসিটিএফ সিসি রোড এবং হাওলাদার বাড়ি থেকে বেপারী বাড়ি পর্যন্ত নবনির্মিত আরসিসি সড়ক।
এছাড়া তিনি ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজেরও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ জোমাদ্দার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরএম/আরএন