বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন গাজীপুরের কোনাবাড়ীর হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা। আন্দোলনে যুক্ত হতে পাশের পিএন নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদেরকে অনুরোধ জানানো হয়। এসময় ওই কারখানার গেটের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয় পুলিশ। এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালি ক্লাব এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার আঞ্চলিক সড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করেন।
স্থানীয় শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা। সকাল থেকেই তারা কারখানার আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তা অবরোধ করেন। দুপুর পৌনে ১২টার দিকে আমবাগ এলাকায় অবস্থিত আরেকটি গার্মেন্টস পিএন নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদেরকে তাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হতে ওই কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা। এসময় শিল্প পুলিশ বাধা দেয়। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘কোনাবাড়ীতে একটি কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে পার্শ্ববর্তী আরেকটি কারখানায় হামলা করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি জিএমপি পুলিশ অবস্থান করছে।’
টিআইএস