জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ৭৩ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তিসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আক্কেলপুরের একটি চক্র ভারতে পাচারের জন্য কষ্টিপাথরের মূর্তি মজুত করেছে। এর ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিজিবি ও এসআরবির একটি যৌথ দল উপজেলার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে মূর্তিসহ মুকুল চন্দ্র মন্ডল (৩৮) ও কামাল হোসেনকে (৬০) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামিদুর রহমান (৬২) ও জাকির হোসেনকে (৫০) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূর্তি পাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্ধার করা মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
আটক চারজন হলেন আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান, শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন, সোনামুখীর জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মন্ডলের ছেলে মুকুল চন্দ্র মন্ডল এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন।
জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার মূর্তি ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শাহাদুল ইসলাম সাজু / এফএস