বাগেরহাটের রামপালে প্রাইভেটকারে করে গাঁজা পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে রামপাল উপজেলার গোপীনাথপুর-বগুড়া ব্রিজসংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় এসআরবি-৬ সদর কোম্পানির একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (২৫) এবং উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে রহমত কাজী। এসআরবি-৬-এর দাবি, তারা মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত।
এসআরবি-৬ জানায়, তল্লাশির সময় প্রাইভেটকার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজা, জব্দ করা গাড়ি ও গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈকত মোঃ সোহাগ / এফএস