বিয়ের দাওয়াতে যাওয়ার কথা বলে জামালপুরে ডেকে নিয়ে এক নারীকে যৌনপল্লীতে আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশের সহায়তায় ওই নারীকে উদ্ধার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় শহরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে পুলিশ জামালপুরের রানীগঞ্জ যৌনপল্লী থেকে তাকে উদ্ধার করে।
পুলিশ ও স্বজনরা জানান, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ২০ বছর বয়সী ওই নারী প্রায় দেড় বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন। এরপর বেকার স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
সম্প্রতি স্বামীর সঙ্গে তার বনিবনা না হওয়ায় স্বামী বাড়িতে চলে যান। কয়েক দিন পর তিনি ওই নারীকে ফোন করে জানান, ঢাকায় আসছেন এবং তাকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যেতে বলেন। সেখানে যাওয়ার পর ওই নারী তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পান।
এ সময় বিমানবন্দর রেলওয়ে স্টেশনেই ইনু নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। শনিবার ইনু তাকে জামালপুরে যাওয়ার প্রস্তাব দেন। তিনি জানান, জামালপুরে এক আত্মীয়ের বিয়েতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরে যাবেন।
ইনুর কথায় বিশ্বাস করে ওই নারী রাজিব পরিবহনের একটি বাসে জামালপুরে আসেন। পরে জামালপুর পৌর বাস টার্মিনাল এলাকার ব্রিজ মোড় থেকে তাকে সরাসরি রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয় বলে পুলিশ ও স্বজনরা জানান।
সেখানে এক রাত থাকার পর বিষয়টি বুঝতে পেরে ওই নারী কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তার এক স্বজন ঢাকার উত্তরা থেকে জামালপুরে এসে পুলিশের সহযোগিতা চান।
পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লিয়াকত হোসাইন লায়ন/এফএস