
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো আয়োজিত ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগেই শিরোপা জিতে ইতিহাস গড়ল এডিনবার্গ ক্যাসল রকারস। ফাইনালে বেলফাস্ট উলভসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হয়েছে তারা।
ডাবলিনের মালাহাইডে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫০ রান করে বেলফাস্ট। দলের হয়ে টিম টেক্টর ৬২ বলে ৮৪ রানের দারুণ ইনিংস খেলেন। দেবন কনওয়ে করেন ২৯ রান। রকারসের ট্রেন্ট বোল্ট দুটি উইকেট নেন।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল রকারস। ওপেনার অ্যান্ড্রিস গাউস একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন। শেষ পর্যন্ত ৬১ বলে ৯০ রানে অপরাজিত থেকে দলকে শিরোপার বন্দরে পৌঁছে দেন তিনি।
রকারস ১৮.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে ম্যাচ শেষ করে। গাউসের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রায়ান অ্যাডেয়ার ও ব্র্যান্ডন ম্যাকমুলেন। শেষদিকে অধিনায়ক মিচেল স্যান্টনারও দলের জয় নিশ্চিত করতে মাঠে ছিলেন।
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অ্যান্ড্রিস গাউস। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন ফাফ ডু প্লেসিস ১৭ ম্যাচে তার সংগ্রহ ৪৪৯ রান।
প্রথম আসরেই শিরোপা জয়ের মধ্য দিয়ে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের ইতিহাসে নিজেদের নাম প্রথম চ্যাম্পিয়ন হিসেবে লিখিয়ে নিল এডিনবার্গ ক্যাসল রকারস।
এফএস