নীলফামারীর জলঢাকায় শ্বশুরবাড়িতে যাওয়ার পথে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি এলাকার মৃত হিরম্ব রায়ের ছেলে পলাশ এবং তার স্ত্রী মনি রানি। মনি রানি জলঢাকার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় স্ত্রী মনি রানিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন পলাশ। তারা কালিগঞ্জ দিঘিরপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।