পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেছেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৬ বছর ধরে চলা অনিয়ম ও অস্থিরতা দূর করে শিক্ষার্থীকেন্দ্রিক, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানের শিক্ষাঙ্গন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।
শনিবার (১৯ সেপ্টেম্বর) পবিপ্রবি, দুমকি উপজেলা ও পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান অস্থিরতা কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করা, চলমান নির্মাণকাজ দ্রুত শেষ করা, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আধুনিকায়ন ও সর্বক্ষেত্রে অটোমেশন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, পবিপ্রবিতে বর্তমানে ১০টি অনুষদ চালু রয়েছে। এর পাশাপাশি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস এবং নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স নিয়ে নতুন হেলথ সায়েন্স অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব রিজেন্ট বোর্ডে অনুমোদিত হয়েছে। ইউজিসির অনুমোদন পেলে আগামী শিক্ষাবর্ষে এ অনুষদে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের সুবিধার কথা তুলে ধরে উপাচার্য বলেন, বরিশাল ও পটুয়াখালীতে টিউশনি ও অন্যান্য কাজে নিয়মিত যাতায়াতকারী শিক্ষার্থীদের বাসভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। পরিবহন, অর্থ ও হিসাব শাখায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাগিংমুক্ত ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে কাজ চলছে।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, র্যাঙ্কিং উন্নত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপের ব্যবস্থাও করা হয়েছে। ইন্দোনেশিয়ার ইউনিভার্সিতাস নেগেরি পাদাংয়ের সঙ্গে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
মাদক ও র্যাগিং প্রতিরোধে ভর্তি পর্যায় থেকেই ডোপ টেস্ট চালুর কথা জানিয়ে উপাচার্য বলেন, ভবিষ্যতে এটি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করা হবে। ভালো গবেষণা, সহশিক্ষা কার্যক্রম ও ইতিবাচক কাজের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগও নেওয়া হবে।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং পটুয়াখালী ও দুমকিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেডএইচ/এসএস