দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ আদেশে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-১ অনুবিভাগ থেকে গত ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) এটি প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই তারিখে নতুন জাতীয় বেতন স্কেল অনুসারে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হবে। তবে নতুন বেতন স্কেল অনুযায়ী নির্ধারিত বর্ধিত বেতনের পুরো অর্থ প্রথম পর্যায়েই দেওয়া হবে না।
আদেশে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে প্রাপ্য বেতনের সঙ্গে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন বৃদ্ধির মোট অঙ্কের ৯ম গ্রেড ও তদূর্ধ্বের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশ যোগ করে দেওয়া হবে।
এই হারে বর্ধিত অর্থ ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ নতুন বেতন স্কেল কার্যকর ধরা হলেও বেতন বৃদ্ধির অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে।
প্রজ্ঞাপনে বর্ধিত বেতনের অর্থ প্রদানের সময়সীমা ও হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অন্যান্য বিধান অনুযায়ী পরবর্তী সময়ে বেতন নির্ধারণ ও বর্ধিত অর্থ পরিশোধ করা হবে।
নতুন আদেশটি এস. আর. ও. নং ৩৪৭-আইন/২০২৬ হিসেবে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।