জার্মান বুন্দেসলিগায় নতুন ইতিহাস গড়েছেন হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র ৯৮ ম্যাচেই ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে দ্রুত এই কীর্তি অর্জন করা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। খবর গোল ডটকমের।
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচে ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে শততম বুন্দেসলিগা গোল পূর্ণ করেন কেইন। বক্সের মধ্যে মাইকেল অলিসেকে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট-কিক থেকে গোল করে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান এই ইংলিশ স্ট্রাইকার।
কেইনের আগে সবচেয়ে কম ম্যাচে বুন্দেসলিগায় ১০০ গোলের রেকর্ডটি ছিল ডিটার মুলারের দখলে। ১৯৭০-এর দশকে কোলনের হয়ে ১২৯ ম্যাচে ১০০ গোল করেছিলেন তিনি। এবার ৯৮ ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে পুরোনো রেকর্ডটি ভেঙে দিয়েছেন কেইন।
২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেয়ার পর থেকেই জার্মান ফুটবলে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে আসছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বুন্দেসলিগায় তার গোল করার হারও অসাধারণ; প্রতি ৭৮.৫ মিনিটে একটি গোল।
তুলনায় বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলার সময় আর্লিং হালান্ডের গড় ছিল প্রতি ৮৭ মিনিটে একটি গোল। আর রবার্ট লেভানডফস্কি ও জার্মান কিংবদন্তি গের্ড মুলারের ক্ষেত্রে এই হার ছিল যথাক্রমে ১০০ ও ১০৫ মিনিটে একটি গোল।
বায়ার্নের হয়ে নিজের প্রথম বুন্দেসলিগা মৌসুমেই ৩৬ গোল করেছিলেন কেইন। এরপর ২০২৪-২৫ মৌসুমে করেন ২৬ গোল এবং গত মৌসুমে যোগ করেন আরও ৩৫ গোল।
সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ১৫৪ ম্যাচে কেইনের গোলসংখ্যা এখন ১৫১। ফলে জার্মান ক্লাবটির হয়ে ২০০ গোলের মাইলফলকও তার নাগালের মধ্যে চলে এসেছে।
বায়ার্নে যোগ দেওয়ার পর এটি কেইনের প্রথম বড় রেকর্ড নয়। এর আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২১ শতকে কোনো একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডও গড়েছিলেন তিনি। মাত্র ১০৪ প্রতিযোগিতামূলক ম্যাচে সেই মাইলফলক ছুঁয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডের ১০৫ ম্যাচের রেকর্ড পেছনে ফেলেন কেইন।
আন্তর্জাতিক ফুটবলেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। জাতীয় দলের হয়ে ৭০ গোল নিয়ে তিনি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আর বায়ার্নের হয়ে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ মৌসুমে টানা দুটি লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে নিজের ট্রফি ক্যাবিনেটও সমৃদ্ধ করেছেন কেইন।
এসএফ