ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হুথিদের আতঙ্কে বাব আল-মানদাবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী ও হুথিদের বিরোধের জেরে বাব আল-মানদাব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে থাকা গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগও বাড়ছে।

এ পরিস্থিতিতে নিজেদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের জন্য ইতালি অপেক্ষা করবে না। নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে বাব আল-মানদাব প্রণালিতে ইতালির বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল নিশ্চিত করবে রোম।

ক্রোসেত্তো বলেন, এ নৌপথে জাহাজ চলাচল নিশ্চিত করার সক্ষমতা ইতালির রয়েছে। তবে, বাব আল-মানদাব প্রণালি অচল হয়ে পড়লে এর অর্থনৈতিক পরিণতি গুরুতর হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

পরিস্থিতি এমনিতেই জটিল হয়ে উঠেছে। এর মধ্যে সিদ্ধান্ত নিতে আমলাতান্ত্রিক বিলম্ব হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতালির আর দেরি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

এর আগে, চলতি বছরের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধের সময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে, বাব আল-মানদাব প্রণালির গুরুত্ব আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হরমুজ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল বিকল্প পথে পাঠানোর চাপও বেড়েছে।

এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনে পাইপলাইন ও লোহিত সাগরের নৌপথের ওপর বেশি নির্ভর করছে সৌদি আরব। ফলে, উপসাগরীয় অঞ্চলের তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি হয়ে উঠেছে বাব আল-মানদাব।

২০১৫ সালে ইয়েমেনে যুদ্ধ শুরুর পর থেকেই বাব আল-মানদাব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে ইয়েমেন সরকার, হুথিদের বিদ্রোহী বাহিনী এবং আঞ্চলিক বিভিন্ন পক্ষ প্রণালির উপকূলের বিভিন্ন অংশের নিয়ন্ত্রণে ছিল।

তবে, গত কয়েক সপ্তাহে পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। বিদ্রোহী বাহিনী হুথিরা তাদের অভিযানের তীব্রতা আরও বাড়িয়েছে। এরই মধ্যে তারা ইয়েমেনের পশ্চিমাঞ্চলের পুরো লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ এলাকার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপও রয়েছে।

এর ফলে বাব আল-মানদাব প্রণালিতে হুথিদের চলাচলের সুযোগ আরও বেড়েছে। একই সঙ্গে প্রণালিটির আশপাশে নিজেদের অবস্থানও শক্ত করেছে তারা। এর আগে যুক্তরাষ্ট্র ও দেশটির আঞ্চলিক মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা বিভিন্ন জাহাজে হামলা চালিয়েছে হুথিরা।

হুথিদের হামলা থেকে তাদের জাহাজকে বাঁচাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ওই এলাকায় সামরিক অভিযান চালিয়েছে। তবে, ইয়েমেনে সংঘাত বাড়তে থাকায় এসব উদ্যোগের পরও নৌপথে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি। ফলে, বাব আল-মানদাব ঘিরে পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়েছে।

সূত্র: আল-জাজিরা
এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement