“দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ শহরের কাটাখালী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন এবং মুন্সীগঞ্জ পৌরসভার সহযোগিতায় বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্ মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিডি ক্লিন মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কাটাখালী খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং খালের স্বাভাবিক পানিপ্রবাহ ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে “দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর আওতায় তিন মাসব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী চলমান থাকবে।
এই কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যাতে পানি জমে না থাকে তা নিশ্চিত করা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল দ্রুত ধ্বংস করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এমএইচ/আরএন