দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে রিপন হামিদ (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে এবং বিজিবির সমন্বয়ে রিপন হামিদের বসতবাড়িতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানকালে তাঁর বসতবাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে শোকেসের ড্রয়ারে থাকা টিস্যু ব্যাগের ভেতর থেকে ১২৫ পিস ২৫০ মিলিগ্রামের 'বুপ্রেনরফিন' (বুপিজেসিক) ইনজেকশন, ৪০০ পিস 'Topee-100' ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধার করা আলামত সিলগালা করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে রিপন হামিদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জিএম/আরএন