মুন্সীগঞ্জের শ্রীনগরে চোরাই সিএনজি বিক্রির চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন মুন্সীগঞ্জের আলদী রাজারচর এলাকার শরীফের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২০), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার টেংরামারা ক্যাম্প এলাকার আজিজুলের ছেলে ইমরান (২০) এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা-বাগান এলাকার মুন্নার ছেলে সিয়াম হোসেন (১৯)।
পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ওই তিন যুবক একটি সিএনজি নিয়ে শ্রীনগর উপজেলার বালাশুর বাজারে স্থানীয় ইয়াছিন মোল্লার কাছে যান। তারা সিএনজিটি বিক্রির প্রস্তাব দিলে ইয়াছিন মোল্লা গাড়িটির কাগজপত্র দেখতে চান। তবে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এতে তার সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানান।
পরে শ্রীনগর থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত পৌনে ৯টার দিকে বালাশুর বাজার এলাকা থেকে তিন যুবককে সিএনজিসহ আটক করে। এ সময় সিএনজিটি জব্দ করা হয়।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মোঃ হামিদুল ইসলাম লিংকন / এফএস