দিনাজপুর জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে সেকেন্দার শাহী (৫৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ভোর ৪টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেকেন্দার শাহী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের সামসুল হুদার ছেলে। তিনি চেক জালিয়াতি মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত ২৫ আগস্ট তিনি কারাগারে আসেন।
জেল সুপার জানান, বৃহস্পতিবার ভোর ৪টায় কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন সেকেন্দার শাহী। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ/আরএন