ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
একক প্রার্থীর ক্ষেত্রে ব্যালটে থাকবে ‘না’ প্রতীক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এ একাধিক পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘না’ প্রতীক। কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলে ভোটাররা এই প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বুধবার রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে।
সংশোধিত বিধানে বলা হয়েছে, স্থগিত প্রতীক বাদ দিয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকা থেকে প্রার্থিতা অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া যাবে। নতুন তালিকায় ১২০টি প্রতীক রাখা হয়েছে। তালিকায় ‘নৌকা’ প্রতীকের পাশে ‘স্থগিত’ শব্দটি উল্লেখ করা হয়েছে।

একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ প্রতীক রাখার বিধানটি এবারই যুক্ত হলো। ফলে কোনো আসনে প্রতিদ্বন্দ্বী হিসেবে একজন প্রার্থী থাকলেও ভোটারদের সামনে প্রার্থীকে গ্রহণ বা প্রত্যাখ্যানের সুযোগ থাকবে।

প্রার্থীদের হলফনামা দাখিলের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীল ব্যক্তিদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক থাকছে না। এসব তথ্য দাখিল এখন ঐচ্ছিক।

‘অভিযুক্ত’ শব্দটির সংজ্ঞাও স্পষ্ট করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা অভিযোগপত্র গঠন করেছেন। এমন আসামিকেই ‘অভিযুক্ত’ হিসেবে গণ্য করা হবে।

ফৌজদারি মামলায় জামিনে থাকা প্রার্থীদের ক্ষেত্রেও কাগজপত্র দাখিলের নিয়ম শিথিল করা হয়েছে। আগে আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া বাধ্যতামূলক ছিল। সংশোধনের ফলে এ ক্ষেত্রে আগের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

কারাগারে থাকা প্রার্থীদের জন্যও মনোনয়নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। তারা কারা কর্তৃপক্ষের মাধ্যমে হলফনামাসহ প্রয়োজনীয় নথি সত্যায়িত করে জমা দিতে পারবেন।

নির্বাচনি ব্যয় পরিচালনার ব্যাংক হিসাবের ক্ষেত্রেও পরিবর্তন এনেছে কমিশন। সংশোধিত ফরমে প্রার্থীর নিজস্ব হিসাবের পাশাপাশি তাঁর মনোনীত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

ফলে নির্বাচনি ব্যয়ের অর্থ পরিচালনা ও হিসাব সংরক্ষণে প্রার্থীর পাশাপাশি মনোনীত নির্বাচনি এজেন্টের হিসাবও ব্যবহার করা যাবে।

ইসি জানিয়েছে, সংশোধিত বিধানগুলো প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসব বিধান প্রযোজ্য হবে।

  এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement