কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, পরিবারের সদস্যদের পরস্পরবিরোধী বক্তব্য এবং নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না পাওয়ায় ঘটনার বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। তদন্ত চলছে।
বুধবার দুপুরে উপজেলা সদরের বিদ্যুৎপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার দুপুরে বাবা নুর ইসলাম (৬০)-এর কাছে মোটরসাইকেল কেনার টাকা চান ছেলে আল আমীন (২৩)। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে রাগে ঘর-দুয়ারের আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন আল আমীন। এতে বাধা দিতে গেলে তার লাঠির আঘাত বাবার নুর ইসলামের শরীরে লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান।
পরে ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং বাবার লাশ থানায় নিয়ে যায় পুলিশ।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, এ ঘটনায় পরিবারের সদস্যরা পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। নিহতের শরীরেও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ছেলেকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
কেএস/আরএন