নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার ভট্ট কুঠিরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমন ভট্ট ওই এলাকার দুঃখ হরণ ভট্টের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্ট আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর ঢাকা থেকে ৯ মাস বয়সী অসুস্থ মেয়ে ইচ্ছেকে দেখতে নিজ বাসায় আসেন তিনি। পরে রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এর পরদিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্টকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
ওসি আরও জানান, ইমন ভট্টের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মান্না রহমান/ এফএস