মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশের মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় হারিয়ে যাওয়া চার শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার রাতে মাওয়ার চন্দ্রের বাড়ি বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর রাতেই চার শিশুকে স্বজনদের কাছে তুলে দেওয়া হয়।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইস্টার্ন বাজার এলাকার বাসা থেকে বাবা-মায়ের অজ্ঞাতে বের হয় চার শিশু। তারা হলো দক্ষিণ কেরানীগঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে রাব্বি (১০), হানিফের ছেলে জাহিদুল ইসলাম (১১) এবং রিয়াজুল ইসলামের যমজ দুই ছেলে হাসান (১১) ও হোসাইন (১১)।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, চার শিশু কেরানীগঞ্জ স্ট্যান্ড বাজার এলাকা থেকে তেঘরিয়া রেলস্টেশনে যায়। সেখান থেকে ট্রেনের টিকিট কেটে মাওয়া রেলস্টেশনে নামে তারা। পরে সঙ্গে থাকা ২০০ টাকা নিয়ে মাওয়া ঘাট এলাকায় ঘোরাঘুরি করে।
একপর্যায়ে তাদের সঙ্গে থাকা টাকা শেষ হয়ে গেলে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলে শিশুরা। পরে রাত ৭টার দিকে চন্দ্রের বাড়ি বাজার এলাকায় তাদের কান্নাকাটি করতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
পরিবারের সদস্যরা জানান, হাসান ও হোসাইনকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। সন্তানদের নিরাপদে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশের দ্রুত ও মানবিক উদ্যোগে চার শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
মোজাম্মেল হোসেন সজল/এফএস