সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাকে ‘দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক বক্তব্যে পাটওয়ারী বলেন, শিক্ষক হিসেবে আসিফ নজরুলকে তিনি সম্মান করেন। তবে সরকারে থাকার সময় তার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পাটওয়ারীর অভিযোগ, অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি।
এ বিষয়ে পাটওয়ারী বলেন, ‘সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন। আসিফ নজরুল আমাকে এমন কথা বলেছিলেন। আমি এ জন্য তাকে দেখতে পারি না।’
এনসিপির এই নেতার আরও অভিযোগ, সরকার গঠনের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আসিফ নজরুল ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলার’ চেষ্টা করেছিলেন। ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনার সময়ও তিনি বিভিন্ন পরিবর্তনের চেষ্টা করেছিলেন বলে দাবি করেন পাটওয়ারী।
ছাত্র-জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাটওয়ারীর দাবি, সেনানিবাসে যাওয়ার সময় আসিফ নজরুল নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে পরে বঙ্গভবনে যাওয়ার সময় তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদিপশু পালনের প্রসঙ্গ টেনেও সমালোচনা করেন পাটওয়ারী।
তিনি বলেন, ‘তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?’
বক্তব্যের শেষ দিকে আসিফ নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তাকে গ্রেপ্তারের আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
এফএস