পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় ধাক্কাধাক্কিতে এক অতিরিক্ত পুলিশ সুপার আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে পৌরসভার হলপাড়া এলাকায় অভিযানটি চালানো হয়। গ্রেপ্তারদের কাছ থেকে তাস, নগদ টাকা ও স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন এএসআই শান্তি কুমার রায়, কনস্টেবল মো. সোহেল রানা, কনস্টেবল আলমগীর কবির ও এএসআই মো. শাহাদত জামান। অভিযানের সময় আরও দুই পুলিশ সদস্য পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা সুজিত কুমার পাল বলেন, অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে। অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেনও জানিয়েছেন, আটক পুলিশ সদস্যদের কোনো ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় সদর থানায় জুয়া আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারদের বুধবার আদালতে তোলার কথা রয়েছে।
এফএস