সাতক্ষীরার আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। আজহারুল ইসলাম ওই গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি বড়দল বাজারে মুদি দোকান চালাতেন।
স্বজন ও স্থানীয়দের ভাষ্য, পরিবারের সদস্যরা স্থানীয় একটি বাজার থেকে পটকা মাছ কিনে বাড়িতে রান্না করে খান। মাছ খাওয়ার পরপরই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অবস্থায় আজহারুল ইসলামকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অসুস্থ আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা শরিফুজ্জামান শরীফ বলেন, পটকা মাছ খাওয়ার পরই পরিবারের সদস্যদের অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে আজহারুল ইসলামের মৃত্যু হয়।
আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, পটকা মাছ খেলে বিষক্রিয়া হতে পারে। তাই এ ধরনের মাছ না খাওয়ার জন্য মানুষকে নিরুৎসাহিত করা হয়। তবে বড়দলের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আজহারুল ইসলামের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এফএস