ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে জসিম মিয়া (নাম) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জসিম উপজেলার আলীনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী সুমি আক্তার (১৯) নোয়াখালীর চাটখিল এলাকার বাসিন্দা। স্বামীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে একটি বাসে জসিমের সঙ্গে তার পরিচয় হয়। পরে মাধবপুর বাজারের একটি হোটেলে খাবার খাওয়ার পর জসিম তাকে সাতবর্গ এলাকার একটি কারখানার দোতলায় নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন সুমি।
অভিযোগ অনুযায়ী, পরে জসিম তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে স্বামীর কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে বুধন্তি এলাকায় সিএনজি থেকে সুমিকে নামানোর চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা হয়েছে। মামলাটি ২২ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়েছে। জসিমকে আদালতে পাঠানো হয়েছে।
শফিকুর রহমান শাহীন/এফএস