দেশব্যাপী মাদ্রাসাগুলোতে শিশুদের প্রতি চলমান যৌন নির্যাতন, ধর্ষণ, বলাৎকার ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর, প্রতিরোধমূলক ও কাঠামোগত রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, আইন সচিব ও ধর্ম সচিব বরাবর এ নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়, আলিয়া, কওমি ও হিফজসহ সব ধরনের মাদ্রাসার জন্য অভিন্নভাবে প্রযোজ্য জাতীয় পর্যায়ে একটি শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল প্রণয়ন গঠন ও বাস্তবায়ন শুরু করা; বিএনডব্লিউ মামলায় নির্দেশিত মডেল অনুসরণ করে মাদ্রাসা ও অন্যান্য আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে উত্থাপিত শিশু যৌন নির্যাতনের অভিযোগসমূহ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রতিটি মাদ্রসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি প্রতিষ্ঠা করা।
অবিলম্বে শিশু আইন, ২০১৩-এর ৭ থেকে ৯ ধারায় গঠিত জাতীয়, জেলা ও উপজেলা শিশুকল্যাণ বোর্ডসমূহকে নিজ নিজ এখতিয়ারাধীন প্রতিটি মাদ্রাসার সুরক্ষা-ব্যবস্থার একটি নিরীক্ষা পরিচালনা ও তার ফলাফল প্রকাশের নির্দেশ প্রদান করা এবং প্রতিটি মাদ্রাসার প্রবেশপথ, করিডোর, শ্রেণিকক্ষ ও সাধারণ আবাসিক এলাকায় সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক করা, তবে বাথরুম, টয়লেট বা অন্য কোনো ব্যক্তিগত স্থানে ক্যামেরা স্থাপন স্পষ্টভাবে ও স্থায়ীভাবে নিষিদ্ধ করা যার লক্ষ্য হবে প্রাতিষ্ঠানিক জবাবদিহি, শিশুদের ব্যক্তিগত জীবনের ওপর নজরদারি না করা।
এসএস