দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৭০) মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের হলদিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই ব্যক্তিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের ৩৭৭/১ নম্বর রেল খুঁটির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। সকাল সাড়ে ৭টার পর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। এতে তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
নিহতের পরনে সাদা পাঞ্জাবি, ধূসর রঙের চেক লুঙ্গি ও একটি গামছা ছিল। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) অমিত পার্থ সরকার ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক দল কাজ করছে।
আব্দুল্লাহ আল মামুন / এফএস