বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছে ধাক্কা লেগে মো. হুসাইন শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন শেখ উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মো. হায়দার শেখের ছেলে। তিনি পেশায় বাইসাইকেল ও ভ্যানের গ্যারেজ মিস্ত্রি ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হুসাইন শেখ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাঠালতলায় তাঁর নিজস্ব গ্যারেজে যাচ্ছিলেন। ব্রাহ্মণরাকদিয়া উত্তরপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি তালগাছে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশের খাদ থেকে হুসাইন শেখের মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আবুল আহসান টিটু/এফএস