গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি ও সিস্টেমের মধ্যেও দেশকে এগিয়ে নিতে কাজ করছে। প্রধানমন্ত্রী স্রোতের বিপরীতে গিয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।
জাকারিয়া তাহের সুমন বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সরকারের মেয়াদকালে দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজ ও নিশ্চিত হবে।
মন্ত্রী আরও বলেন, অতীতে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন দুর্যোগ ও সংকটে দেশকে রক্ষা করেছে। বর্তমান সরকারও একইভাবে বিদ্যমান সংকট মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দুই থেকে চার বছরের মধ্যে দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটিয়ে একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
সভায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মান্না রহমান/এফএস