চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় এক শিশুসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বিকেলে বাখর আলী থেকে জোহুরপুর বকরি পাড়ায় যাওয়ার সময় স্রোতের চাপে ধানবোঝাই নৌকাটি ডুবে যায়। নৌকায় নারায়ণপুর ইউনিয়নের বকরিপাড়া গ্রামের একটি পরিবারের ১১ জন সদস্য ছিলেন। এ ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন।
নৌকাডুবির পর টহলরত বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে উদ্ধার করেন। পরে রাত ১০টায় ফরিদপুর বিওপি ও খান্দুয়া বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের মাধ্যমে ১০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এফএস