ঢাকার সাভারের হেমায়েতপুরে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীর কর্মচারীকে মারধর করে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার রাতে সাভার মডেল থানায় মামলা করেছেন ব্যবসায়ী মো. রেজাউল করিম। মামলায় অজ্ঞাতনামা চার জনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রেজাউল করিম হেমায়েতপুরের পূর্বহাটি উত্তরপাড়ায় ‘আর কে এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন। ব্যবসায়িক কাজে গত বৃহস্পতিবার তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. ইসরাফিল হক (৩৮) হেমায়েতপুরের আইএফআইসি ব্যাংক থেকে ২৬ লাখ টাকা তোলেন। পরে একটি ব্যাগে টাকা নিয়ে তিনি হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময় হঠাৎ একটি প্রাইভেটকার এসে ইসরাফিলের গতিরোধ করে। গাড়ি থেকে চালকসহ চার জন নেমে বললো র্যাব। তারা ইসরাফিলকে ঘিরে ধরে তার কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে নেওয়ার চেষ্টা করে।
ইসরাফিল ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তিরা তাকে লোহার রড দিয়ে মারধর করে। এতে তিনি আহত হয়ে সড়কে পড়ে যান। পরে তার কাছে থাকা ২৬ লাখ টাকার ব্যাগ নিয়ে ওই ব্যক্তিরা প্রাইভেটকারে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ব্যবসায়িক কাজে আমার কর্মচারী ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে র্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে। পরে মারধর করে তার কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করেছি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’
টিআইএস