ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ নিহত, দাবি ব্রিটিশ সেনাপ্রধানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ এএম আপডেট: ১২.০৯.২০২৬ ১১:০৫ এএম
X
Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়েই রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৫ লাখ মানুষ।

ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন গতকাল শুক্রবার এ দাবি করেছেন। সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেন, সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ রুশ নাগরিক নিহত হয়েছেন।

রিচ নাইটন বলেন, নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়েই রয়েছেন। তবে নিহত ও আহতদের অধিকাংশই রুশ সামরিক বাহিনীর সদস্য।

শুক্রবারের ভিডিওবার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান আরও বলেন, নিহতদের সিংহভাগের ঘটনা ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। বিপুলসংখ্যক প্রাণহানির বিনিময়ে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র প্রায় ২ শতাংশ দখল করতে পেরেছে বলেও দাবি করেন তিনি।

রিচ নাইটন বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন ও বৃথাভাবে অপচয় হচ্ছে, নিহতের এই সংখ্যা তা স্পষ্ট করে। তাঁর ভাষ্য অনুযায়ী, রাশিয়ার প্রায় পাঁচ লাখ পরিবার তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে আর কখনো ফিরে পাবে না।

তবে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, যুদ্ধে বিপুল প্রাণহানি এবং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য পরিবর্তনের কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভঙ্গসহ বিভিন্ন বিষয় নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক বছর ধরে উত্তেজনা চলছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য কিয়েভের তৎপরতাও ছিল উত্তেজনার অন্যতম কারণ। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এ অভিযানের নির্দেশ দেন।

শুক্রবার যুদ্ধের ১ হাজার ৬৬০তম দিন পূর্ণ হয়েছে। বিভিন্ন হিসাব অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ সেনাবাহিনী যতদিন যুদ্ধক্ষেত্রে ছিল, ইউক্রেন যুদ্ধে এরই মধ্যে তার চেয়েও বেশি সময় পার করেছে।

সূত্র: স্কাই নিউজ

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement