দিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিকস সম্মেলনে অংশ নিতে পুতিন তিন দিনের ভারত সফরে রয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
চলতি বছর পুতিন ও মোদির মধ্যে এটি দ্বিতীয় বৈঠক। এর আগে ৩১ আগস্ট বিশকেকে অনুষ্ঠিত ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে তাঁদের সাক্ষাৎ হয়।
শুক্রবারের বৈঠকে মোদি ও পুতিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং কৃষ্ণ সাগর অঞ্চলের সংঘাত নিয়েও আলোচনা করেন। এসব সংঘাত সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে প্রভাবিত করেছে। সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ বলে পুতিনকে জানান মোদি।
এর আগে মোদি রুশ প্রেসিডেন্টকে ভারতীয় তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভার রচিত ‘তিরুক্কুরাল’-এর রুশ অনুবাদ উপহার দেন। বইটিতে কৃষি ও কৃষকদের জীবন-সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে মোদি ও পুতিন একই গাড়িতে ভ্রমণ করেন। এ নিয়ে তৃতীয়বারের মতো দুই নেতা একই গাড়িতে চড়লেন।