দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়ে, তখন দেশের মানুষ বিএনপিকে বারবার ক্ষমতায় বেছে নেয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপি সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বিরামপুর পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিরামপুর পাইলট হাইস্কুল চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহিবুব এলাহী চৌধুরী রবিন।
ডা. জাহিদ হোসেন বলেন, পলাতক স্বৈরাচার হায়না সরকার বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু যারা ১৭ বছর বিএনপিকে আগলে রেখে দেশের মানুষের সমর্থন নিয়ে দলকে সুসংগঠিত করেছেন, তারা হলেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মনে করে, বাংলাদেশের অর্ধেক নারী ও অর্ধেক পুরুষকে জনশক্তিতে রূপান্তর করে দেশের কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মডেল দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শিশুদের শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার কোনো বিকল্প নেই। সন্তানরা পড়ার টেবিলে বসছে কি না, অভিভাবকদের সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, সন্তানদের আবদার পূরণ করতে অভিভাবকরা তাদের স্মার্টফোন কিনে দিয়েছেন। কিন্তু তারা ফোনটি কী কাজে ব্যবহার করছে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে এবং সন্তানরা পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না, তা নজরে রাখতে হবে।
কৃষি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, চলতি আমন মৌসুমে কৃষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে একটি কুচক্রী মহল দেশে সারের সংকট রয়েছে—এমন গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেছিল। সরকার তা কঠোরভাবে দমন করেছে। বর্তমানে সারের কোনো সংকট নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে কৃষকদের কাছে কৃষি কার্ড এবং সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামীতে সব মত ও পথের মানুষকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ করতে হবে। যারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সৈনিক এবং নেতৃত্ব গ্রহণ করতে চান, তাদের নিজ নিজ ওয়ার্ড, পাড়া-মহল্লায় মানুষের মনিকোঠায় জায়গা করে নিতে হবে।
কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, হাকিমপুর বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মিলন রহমানসহ ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জিএম/আরএন