বঙ্গোপসাগর-সংলগ্ন পূর্ব সুন্দরবনের নারিকেলবাড়ীয়ায় শুক্রবার ভোরে একটি ট্রলারসহ চার বস্তা হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। এ সময় শিকারিরা ট্রলার থেকে লাফিয়ে পড়ে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলের সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়ীয়া এলাকায় একটি ট্রলার দেখতে পান। এ সময় ট্রলারটি থামার নির্দেশ দেওয়া হলে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ৬-৭ জন শিকারি সেটি সুন্দরবনের পাড়ে ভিড়িয়ে লাফিয়ে পড়ে বনের ভেতরে পালিয়ে যায়।
এ সময় সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যেতে থাকে। বনরক্ষীরা দ্রুত পদক্ষেপ নিয়ে অর্ধডুবন্ত ট্রলারটি উদ্ধার করে শেলারচরে নিয়ে যান। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে চারটি বস্তায় থাকা বিপুল পরিমাণ হরিণ শিকারের মালা ফাঁদ জব্দ করা হয়। ট্রলারটি ডুবে যাওয়ায় ককশিট ভর্তি বরফসহ শিকারিদের অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে যায় বলে জানান বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, শুক্রবার ভোরে সুন্দরবনে হরিণ শিকারিদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয় শিকারি চক্রটি ককশিট ভর্তি বরফসহ মালা ফাঁদ নিয়ে হরিণ ধরার উদ্দেশ্যে সাগরপথে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া এলাকায় গিয়েছিল। বনরক্ষীরা সাগর থেকে অর্ধডুবন্ত অবস্থায় ট্রলারটি উদ্ধার করেন বলে জানান এসিএফ।
এসএস/আরএন