খুলনা মহানগরীতে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে অভিযান চালিয়েছে কেএমপি গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আশরাফুজ্জামান জীবন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে খুলনা সদর থানাধীন নিরালা এলাকার ২ নম্বর কাশেমনগর রোডের ১৩৮/ক নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
কেএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান জীবন নিরালা কাশেমনগর এলাকার মৃত আব্দুল হামিদ ও মিসেস আছিয়া খাতুনের ছেলে। তিনি তাঁর বসতঘরের নিজ শয়নকক্ষে বিপুল পরিমাণ ইয়াবা ও অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি ডিবির একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পরে তাঁর শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ম্যাগাজিনসহ একটি লোডেড বিদেশি পিস্তল এবং ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
এসএস/আরএন