চট্টগ্রাম নগরে ট্রেনে কাটা পড়ে এক শিশুর ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরের পাঁচলাইশ থানার ষোলশহর লেভেল ক্রসিং এলাকায় চশমা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন মিন্টুর বাড়ি নগরের পূর্ব নাসিরাবাদের তুলাতলী এলাকায়। তার গ্রামের বাড়ি ফেনীতে।
দুর্ঘটনায় আহত শিশুটির নাম রাহাত (১০)। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান (৩০) নামে আরও এক যুবক আহত হয়েছেন। তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলের পাশের সড়কে দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চলায় পথচারীরা বাধ্য হয়ে রেললাইন ঘেঁষে চলাচল করেন। শুক্রবার দুপুরে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে যায় শিশু রাহাত।
এ সময় শিশুটিকে বাঁচাতে দেলোয়ার হোসেন মিন্টু এগিয়ে গেলে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় শিশুটির ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অসীম ধর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএন