ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মৌলভীবাজারে বসতঘর থেকে পাঁচটি মনোক্লেড কোবরা উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা (গোখরা) সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুলের পাশে জাপানী বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।

জানা যায়, কমলগঞ্জ পৌরসভার পানিশালা এলাকার জাপানপ্রবাসী মুজাহিদ আলীর বাড়ির পরিবারের সদস্যরা বিকেলে বসতঘরের সিঁড়ির নিচে কয়েকটি সাপ দেখতে পান। একসঙ্গে বেশ কয়েকটি সাপের উপস্থিতি দেখে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। পরে তারা সতর্কতার সঙ্গে সিঁড়ির নিচে অভিযান চালিয়ে একে একে পাঁচটি সাপের বাচ্চা উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, সাপগুলো মনোক্লেড কোবরা, যা বাংলাদেশের বিষধর সাপগুলোর অন্যতম। ছোট আকারের হওয়ায় প্রথমে সাপগুলোকে বাচ্চা হিসেবে শনাক্ত করা হলেও এগুলো বিষধর গোখরা প্রজাতির হওয়ায় বাড়ির বাসিন্দাদের জন্য ঝুঁকি ছিল।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘বসতঘরের সিঁড়ির নিচে একসঙ্গে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা পাওয়া গেছে। পরিবারের সদস্যরা সময়মতো বিষয়টি জানানোয় নিরাপদে সাপগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। সাধারণ মানুষকে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি।’

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সিঁড়ির নিচ থেকে পাঁচটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। এগুলো মনোক্লেড কোবরা হিসেবে শনাক্ত হয়েছে। সাপগুলো পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।’

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, ‘বসতবাড়ির আশপাশে সাপের উপস্থিতি মানেই সবসময় সাপটি আক্রমণ করতে আসছে—এমন নয়। খাবার ও নিরাপদ আশ্রয়ের সন্ধানেও সাপ লোকালয়ে ঢুকে পড়তে পারে। তাই সাপ দেখলে না মেরে নিরাপদে উদ্ধারের ব্যবস্থা করা উচিত।’

পরে উদ্ধার করা পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে সাপগুলো অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement