জামালপুরের ইসলামপুরে অটোরিকশার চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়া (৩৫) নামের এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাঞ্চন মিয়া নিজ বাড়িতেই তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি রাতে চার্জে দিয়ে রেখেছিলেন। সকালে চার্জারের পিন খুলতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তাঁকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অটোরিকশার চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এলএইচ/আরএন