ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার। সোনারগাঁও উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আলরাজীসহ উপজেলা প্রশাসন ও সোনারগাঁও থানা-পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
সোনারগাঁ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করে তা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিলেন। এতে একদিকে অবৈধ স্থাপনার কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছিল। অন্যদিকে, সরকারি জমি দখল করে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা।
তিনি আরও বলেন, এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
এমএইচ/আরএন