কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর পাহাড়ি সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে স্থানীয় পথচারীরা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাটি জানাজানি হলে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মরদেহটি আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মিজবাউল হক/এফএস