সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই কক্ষটি দীর্ঘ সময় ধরে দরজা-জানালা বন্ধ অবস্থায় ছিল। সেখানে এক দম্পতি নতুন করে ভাড়া নিয়ে বসবাস করতেন। বুধবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি টের পান। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষটি খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। এ কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এছাড়া ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য ও আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
তবে কীভাবে ওই নারী, পুরুষ ও নবজাতকের মৃত্যু হয়েছে এবং তাদের পরিচয় কী। তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আমিনুল ইসলাম/ এফএস