২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট পুনর্বাসন ও পুনর্নির্মাণে ১৪৩ কোটি ৪৭ লাখ টাকার বেশি ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন সংশ্লিষ্ট প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-০১-এর একটি কাজের দরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপ্রক্রিয়াকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দরপত্রটির প্যাকেজ নম্বর ০৪/ই-জিপি/ডিইভি/সুনামগঞ্জ/ইই/আরএইচডি/২০২৫-২০২৬ এবং দরপত্র পরিচিতি নম্বর ১১৮৪৯৮৪।
একই প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-১০-এর আওতায় আরেকটি কাজের ক্রয় প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ দরপত্রের প্যাকেজ নম্বর ০২/ই-জিপি/ডিইভি/সুনামগঞ্জ/ইই/আরএইচডি/২০২৫-২০২৬ এবং দরপত্র পরিচিতি নম্বর ১১৮৩৫১৬।
প্রস্তাব অনুযায়ী, এ কাজের মূল চুক্তিমূল্য ১৪৩ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৭৫৪ টাকা ৭৭ পয়সা। কাজটি বাস্তবায়নের জন্য সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠান ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড।
২০২২ সালের বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সুনামগঞ্জেও বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে যোগাযোগে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব অবকাঠামোর পুনর্বাসন ও পুনর্নির্মাণের অংশ হিসেবে প্রকল্পের আওতায় কাজগুলো বাস্তবায়ন করা হবে।
টিআইএস