নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির অভিযোগে দুই সার ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চার ব্যবসায়ীর কাছ থেকে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও বাজার এলাকায় স্থানীয়দের সহযোগিতায় সার কালোবাজারির সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে বড়গাঁও বাজারের মেসার্স ফিহা ট্রেডার্সের মালিক ও সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ আহমেদকে আটক করা হলেও তিনি কৌশলে পালিয়ে যান। পরে বাজারের অপর দুই ব্যবসায়ী মোবারক হোসেন ও আবুল হাসেমকে আটক করা হয়। তাদের গুদাম থেকে ২০০ বস্তা অবৈধ সার জব্দ করে প্রশাসন।
পরে মেসার্স সৈকত ট্রেডার্সের স্বত্বাধিকারী মোবারক হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই বাজারের মেসার্স রিহান ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল হাসেমকে ২০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একই বাজারের সামিহা ট্রেডার্সের আব্দুস সালামের দোকান থেকে ৫৩ বস্তা সার জব্দ করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সময়ে বড়গাঁও এলাকার কৃষক সোহেল নামের এক ব্যক্তির কাছ থেকেও অবৈধভাবে মজুত করা আট বস্তা সার জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ কৃষি দপ্তর ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের খবর পেয়ে একই বাজারের আরেক ব্যবসায়ী মুক্তার হোসেন তার গুদামে তালা দিয়ে পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযানে দণ্ডপ্রাপ্ত কয়েকজন ব্যবসায়ী রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা সার কালোবাজারির সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, সার নিয়ে অনিয়মের বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। কালোবাজারির সঙ্গে জড়িত ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রকৃত কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
অভিযানে মোট ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। সার ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাইফুল ইসলাম / এফএস