ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের একটি আমন ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উত্তর লাঙ্গলজোড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইউপি সদস্য ফজলুল হকের ভাই বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলামের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে যেতে পারে।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে আটক করেছে ধোবাউড়া থানা-পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
জি এম আজহারুল ইসলাম কাজল / এফএস