ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মামলা খারিজ চাইল জার্মানি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৭ পিএম
X
Advertisement

গাজায় ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে গণহত্যায় সহযোগিতার অভিযোগে নিকারাগুয়ার করা মামলা খারিজের আবেদন জানিয়েছে জার্মানি। সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানির শুরুতে এ আবেদন জানায় বার্লিন।

জার্মানির দাবি, মামলা করার আগে নিকারাগুয়া কোনো আইনি বিরোধের অস্তিত্ব যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। পাশাপাশি মামলার কিছু অংশ আইসিজের এখতিয়ারের বাইরে বলেও দাবি করেছে দেশটি।

নিকারাগুয়া অভিযোগ করেছে, গাজায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি সম্পর্কে অবগত থাকার পরও ইসরায়েলকে অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে জার্মানি। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএকে অর্থায়ন বন্ধ করেও মানবিক সংকট আরও বাড়ানোর অভিযোগ করেছে দেশটি।

জার্মানি ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২১-২৫ সময়ে ইসরায়েলের প্রধান প্রচলিত অস্ত্র আমদানির ৩১ শতাংশ জার্মানি থেকে এসেছে।

এদিকে জার্মান সরকারের তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইসরায়েলের কাছে প্রায় ৭৯৯ দশমিক ৪ মিলিয়ন ইউরোর সামরিক রপ্তানির অনুমোদন দিয়েছে বার্লিন। ২০২৫ সালের পুরো বছরে অনুমোদিত ২০১ মিলিয়ন ইউরোর তুলনায় এটি প্রায় চার গুণ।

জার্মানি আরও যুক্তি দিয়েছে, মামলায় ইসরায়েল একটি অপরিহার্য তৃতীয় পক্ষ। কারণ ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কি না, তা নির্ধারণ ছাড়া জার্মানির দায় নির্ধারণ করা সম্ভব নয়। তবে নিকারাগুয়ার দাবি, মামলাটি ইসরায়েলের দায় নয়, বরং জার্মানির নিজস্ব কর্মকাণ্ড ও আন্তর্জাতিক আইন অনুযায়ী তার দায়িত্ব নিয়ে।

আইসিজেতে শুনানি চার দিন চলবে। মঙ্গলবার নিকারাগুয়া জার্মানির আপত্তির জবাব দেবে। এরপর বুধবার ও বৃহস্পতিবার উভয় পক্ষ দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপন করবে। আদালত পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

মামলাটি গ্রহণযোগ্য হলে চূড়ান্ত রায় দিতে কয়েক বছর সময় লাগতে পারে।

-এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement