সাতক্ষীরায় ৫৬ বোতল ভারতীয় কোরেক্স মাদকসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকেলে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫৬ বোতল ভারতীয় কোরেক্স মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবন কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ কাজে দোকানের মালিক তাইফুর তাদের সহযোগিতা করতেন বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর সোমবার অভিযান চালিয়ে তাদের দুজনকে হাতেনাতে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
তবে এসব বিষয়ে জানতে জেলা গোয়েন্দা পুলিশের ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, “ডিবি পুলিশ তাদের আটক করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এমজেডআর