ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহজালালে ২৫ নতুন বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (হশআবি) নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ২৫টি নতুন এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর (ইটিডি) সংযোজন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন এসব যন্ত্র পরিচালনায় দক্ষতা বাড়াতে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের নির্বাচিত ৪৪ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যন্ত্রটির মূল প্রস্তুতকারক প্রতিষ্ঠান (ওইএম)-এর বিশেষজ্ঞরা এ প্রশিক্ষণ পরিচালনা করেন।

প্রশিক্ষণে ইটিডি পরিচালনা, নমুনা সংগ্রহ, বিস্ফোরক ও মাদক শনাক্তকরণ, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ এবং অপারেশনাল নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান দেওয়া হয়।

বেবিচক জানিয়েছে, নতুন সংযোজিত নিউটেক টি-আর টু থাউজ্যান্ড ডি-সি একটি আধুনিক ট্রেস ডিটেকশন প্রযুক্তি। এটি অতি সামান্য পরিমাণে থাকা বিস্ফোরক ও অবৈধ মাদকজাতীয় পদার্থ শনাক্ত করতে সক্ষম। যন্ত্রটি আয়ন মোবিলিটি স্পেকট্রোমেট্রি (আইএমএস) প্রযুক্তি ব্যবহার করে এবং এতে অ-তেজস্ক্রিয় আয়নীকরণ উৎস রয়েছে।

ফলে যাত্রীদের ব্যাগেজ, কার্গো ও বিভিন্ন পৃষ্ঠে থাকা অতি ক্ষুদ্র মাত্রার সন্দেহজনক পদার্থ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বেবিচকের মতে, নতুন ইটিডি সংযোজনের ফলে বিমানবন্দরে বিস্ফোরক ও মাদক শনাক্ত করার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে নিরাপত্তা তল্লাশির কার্যকারিতা বৃদ্ধি এবং সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করাও সহজ হবে। বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নতুন প্রযুক্তি বিমানবন্দরের বহুমাত্রিক নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করবে।

আধুনিক নিরাপত্তা সরঞ্জামের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবলের গুরুত্বের কথাও জানিয়েছে বেবিচক। এ লক্ষ্যে ব্যবহারিক অনুশীলন ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, আধুনিক ইটিডি প্রযুক্তির সংযোজন এবং এভসেক কর্মীদের দক্ষতা উন্নয়ন নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) অডিটের আগে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা প্রস্তুতি আরও জোরদার করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বেবিচক বলছে, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং কার্যকর নিরাপত্তা প্রক্রিয়ার সমন্বয়ের মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার উদ্যোগ অব্যাহত রয়েছে।

শাহজালাল বিমানবন্দরের পর পর্যায়ক্রমে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরেও সংশ্লিষ্ট জনবলকে ইটিডি পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে।

দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আধুনিক বিস্ফোরক ও মাদক শনাক্তকরণ প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত এবং সমন্বিত বিমানবন্দর নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে এসব কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বেবিচক।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement