নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. জাবেদ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার কালা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
গ্রেপ্তার জাবেদ ওই এলাকার মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনবাগ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাবেদের শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, এ ঘটনায় সেনবাগ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর/আরএন