রাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুই যুবককে আটক করে গণপিটুনি দেওয়ার ঘটনায় শিমুল হোসেন (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহত শমজান আলী (৪০) একই গ্রামের নবীন শাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে জোতকাদিরপুর গ্রামের ইয়ার আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে শিমুল ও শমজানের বিরুদ্ধে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিকের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পালানোর সময় দুজনকে আটক করেন। পরে তাদের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
সকালে তাদের দফায় দফায় মারধর করা হলে দুজনই গুরুতর আহত হন। পরে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। শমজানের অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।
বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, শিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে গরুর মালিক ইয়ার আলী চুরির অভিযোগে থানায় একটি অভিযোগ করেছেন।
আমানুল হক আমান / এফএস